বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ (রূপান্তরমূলক নেতৃত্ব) হিসেবে অভিহিত করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১) চলাকালে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তার এই ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বনেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিচ্ছেন।
কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসি মহাসচিব এবং লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নির্বাচনী ম্যান্ডেটের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন। এ ছাড়া ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনায় ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন। উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয় এবং দেশটির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান।
চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো খাত এবং ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ-চীন-মিয়ানমার আঞ্চলিক অর্থনৈতিক করিডর এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
এর আগে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর সাইড ইভেন্টে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।