পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখতে ১০টি গুরুত্বপূর্ণ পণ্য আমদানিতে ৯০ দিন পর্যন্ত বাকিতে (ইউসেন্স) আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
নতুন এই বিশেষ সুবিধার আওতায় যেসব পণ্য আমদানি করা যাবে, সেগুলো হলো—চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মশলা এবং খেজুর। ব্যবসায়ীরা সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এই সুযোগ গ্রহণ করতে পারবেন। ফলে আমদানিকারকদের পণ্য আমদানির সময় তাৎক্ষণিকভাবে পুরো মূল্য পরিশোধ করতে হবে না, বরং আমদানির বিপরীতে সর্বোচ্চ ৯০ দিন পর মূল্য পরিশোধের সুযোগ পাবেন তারা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে, সেগুলোর বাজারদর নিয়ন্ত্রণে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগেই পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন এবং বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা ঘাটতি তৈরি না হয়, সে জন্যই ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমদানিকারকরা এখন থেকেই পর্যাপ্ত পরিমাণে পণ্য আমদানি করলে রমজানে দ্রব্যমূল্যের বাড়তি চাপ এড়ানো সম্ভব হবে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বাণিজ্যিকভাবে এসব খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে এই সুবিধা কার্যকর হবে। এর আগে গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং-৩০-এর পার্ট-ডি-এর ১(১) অনুচ্ছেদে নির্দিষ্ট কিছু পণ্য বিলম্বিত মূল্য পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য আমদানিতে এই পরিধি আরও সম্প্রসারণ করা হলো।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিষয়ে আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের দ্রুত এই নতুন নির্দেশনার বিষয়টি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।