কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সমাবেশে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনি সমঝোতা এবং দলটির নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছে। এমন সমঝোতার মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

গতকাল বুধবার (১১ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান আজাদ দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানে সহস্রাধিক মানুষের প্রাণহানি ও অসংখ্য মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও বর্তমান সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বোমা বিস্ফোরণ, ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ ও অবরোধের মতো ঘটনা ঘটাচ্ছে। অথচ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে ছোট করে দেখেছেন এবং তাঁর বক্তব্যে আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা লক্ষ্য করা গেছে বলে আজাদ মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে আজিজুর রহমান আজাদ আরও বলেন, এসব ঘটনাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হচ্ছে, অন্যদিকে ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে। ছাত্রদলকে বিদ্বেষের দৃষ্টিভঙ্গি পরিহার করে বাস্তবতা উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব উল্লেখ করে শিবিরের এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সেই দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা, দলটির নেতাদের সংসদে পাঠানো, জামিন বাণিজ্য এবং বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগও তোলেন তিনি। তাঁর মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আবার তাদের সঙ্গে সমঝোতা করা দ্বিমুখী রাজনীতি। তিনি রাষ্ট্রীয় কাঠামোর দলীয়করণ বন্ধ, বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরাজিত গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। যাঁরা শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছেন, তাঁদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, তাই স্বৈরাচারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশকে অস্থিতিশীল করতে সারা দেশে কার্যক্রম চালালেও তা সরকারের নজরে আসছে না বলে তিনি অভিযোগ করেন। অতীতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের নজরদারিতে গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তি ব্যবহার করত উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে সেই প্রযুক্তি কোথায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক ওমর ফারুক ফাহিম, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সাইফুলসহ মহানগর ও বিভিন্ন থানার নেতাকর্মীরা।