নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৭৯০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম শফিক (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১১ নভেম্বর (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া পৌর শহরের টেংগুরি এলাকার কেন্দুয়া-নেত্রকোনা ডিসি সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মদন উপজেলার কদমশ্রী গ্রামের আবদুল হেকিমের ছেলে শফিকুল ইসলাম শফিক ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেলে করে কেন্দুয়ায় আসছিলেন। টেংগুরি এলাকায় পৌঁছানোর পর চলন্ত মোটরসাইকেল থেকে তিনি হঠাৎ লাফিয়ে পড়েন। এ সময় মোটরসাইকেলচালক ফারুক আহমেদ (বাড়ি: ভরাপাড়া) ও তার সহযোগী গাড়ি থামিয়ে শফিককে ধরার চেষ্টা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
ঘটনার সময় আশপাশের পথচারী ও স্থানীয় জনতা জড়ো হয়ে শফিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে অস্বীকৃতি জানান। পরে স্থানীয়রা তার দেহ তল্লাশি করে ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করেন। খবর পেয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ শফিককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ৭৯০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি শফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।