বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উক্তি ‘যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন।’ কবির এমন চরণটি এবার বাস্তবে প্রতিফলিত হচ্ছে নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের দরিদ্র মানুষের জীবনে। জেলার খালিয়াজুরী উপজেলার হাওর এলাকার নিচু জমি ও নদী থেকে জ্বালানি হিসেবে ব্যবহার উপযোগী একধরনের কয়লাসদৃশ কালোমাটি পাওয়া যাচ্ছে।

সরেজমিনে দেখা যায়, হাওর এলাকার গ্রামে-গ্রামে পরিবেশবান্ধব এই কালোমাটি প্রক্রিয়াজাত করে রোদে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করছেন স্থানীয়রা। খালিয়াজুরী উপজেলার ধনু ও ধলাই নদীর তীরসহ বেশ কয়েকটি নিচু এলাকার হাওরে শুষ্ক মৌসুমে ৭ থেকে ১০ ফুট গভীরতা থেকে এই মাটি সংগ্রহ করা হয়। ১০ থেকে ১২ দিন রোদে শুকিয়ে এই মাটি জ্বালানি উপযোগী করা হয়। প্রক্রিয়াজাত প্রতি মণ মাটি দিয়ে একটি পরিবার প্রায় এক সপ্তাহ রান্নাবান্না করতে পারে। অনেকেই এই মাটি সংগ্রহ করে সারা বছরের জন্য মজুদ করছেন কিংবা বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন।

স্থানীয়রা জানান, কাঠে রান্নার পরিবর্তে এই কালোমাটি ব্যবহারের ফলে গাছের ডালপালা বা বনজসম্পদ কাটতে হচ্ছে না। এই জ্বালানিতে আগুন ভালো থাকে, ধোঁয়া হয় না এবং খাবারেও কোনো গন্ধ আসে না। এছাড়া রান্নার জন্য লোহার রড দিয়ে তৈরি বিশেষ জালাকৃতির চুলা ব্যবহার করায় ছাই পরিষ্কার করাও সহজ হয়।

পরিবেশ ও জলবায়ু গবেষকদের মতে, বনজসম্পদ রক্ষায় এই কালোমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকাবাসীর দাবি, সরকারিভাবে সার্ভে করে এই কালোমাটির প্রয়োজনীয়তা নিরূপণ করলে এটি একটি সাশ্রয়ী বিকল্প জ্বালানি হিসেবে আরও ব্যাপকভাবে ব্যবহার করা সম্ভব।