যশোরের কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মন্ডল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পল্লী চিকিৎসক মিঠুন ধরসহ দুইজনকে আটক করেছে সিআইডি। এ সময় হত্যায় ব্যবহৃত সিরিঞ্জের প্যাকেট, নিহতের গলার স্বর্ণের চেন, আংটি, মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের বিষ্ণুপদ ধরের ছেলে পল্লী চিকিৎসক মিঠুন ধর এবং সাতক্ষীরার কলারোয়া থানার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী।

রোববার (৮ নভেম্বর) বিকেলে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিআইডি সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের হেলারের ঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা মরদেহটি কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মন্ডল বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের ভাতিজা দেবাশীষ মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে সিআইডি নিহতের মোবাইল ফোনের কললিস্ট (সিডিআর), বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে পল্লী চিকিৎসক মিঠুন ধরের সংশ্লিষ্টতার তথ্য পায়।

তদন্তে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুরে রঞ্জন মন্ডল কাটাখালী বাজারে পল্লী চিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে মিঠুন ধরকেও এলাকায় পাওয়া যাচ্ছিল না।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি জানতে পারে, আব্দুল হান্নান গাজীর সহযোগিতায় মিঠুন ধর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন তথ্যের ভিত্তিতে সিআইডি যশোরের একটি দল কলারোয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন জানান, গত ৬ নভেম্বর দুপুরে রঞ্জন মন্ডল মিঠুন ধরের ফার্মেসিতে যান। পরে মিঠুন ফার্মেসির শাটার বন্ধ করে চলে যান। কিন্তু রঞ্জনকে আর ফার্মেসি থেকে বের হতে দেখা যায়নি।

তিনি আরও জানান, দুপুর আড়াইটার দিকে মিঠুন ফার্মেসি খুলে একটি ভরা বস্তা মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে যান। ওই বস্তায় ছিল রঞ্জন মন্ডলের মরদেহ। প্রথমে বস্তাটি গ্রামের একটি সরু রাস্তার পাশে রেখে দেন তিনি। পরে রাতে বস্তার মুখে ইট বেঁধে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, আটক মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত স্বর্ণের চেন ও আংটি এবং মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাটাখালী বাজারে মিঠুন ধরের ফার্মেসি থেকে ভিকটিমকে ইনজেকশন দেওয়ার প্যাকেটও উদ্ধার করা হয়েছে।

সিআইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রঞ্জন মন্ডলের সহায়-সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আটক মিঠুন ধর।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা।