দীর্ঘদিন ধরে সুযোগ দিয়েও মার্নাস লাবুশেনের দীর্ঘমেয়াদি ফর্মহীনতার কারণে এবার কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচকরা। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। যদিও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের স্কোয়াড এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে প্রধান নির্বাচক জর্জ বেইলি সোমবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এই মুহূর্তে প্রথম টেস্টের জন্য লাবুশেনকে বিবেচনা করা হচ্ছে না।

এ বিষয়ে জর্জ বেইলি বলেন, এই পর্যায়ে মার্নাসকে নিশ্চিতভাবে প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হচ্ছে না, তবে পরবর্তী ম্যাচগুলোতে হতে পারে। দলে তার জায়গা নিয়ে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাকে শেফিল্ড শিল্ড ক্রিকেটে মনোযোগ দিতে এবং কিছুটা মানসিক স্বস্তি পেতে সাহায্য করবে।

অস্ট্রেলিয়ার টেস্ট দলের তিন নম্বর পজিশনের দীর্ঘদিনের ভরসা লাবুশেন গত ১৭ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দল থেকে বাদ পড়লেন। তার সেঞ্চুরি খরা দীর্ঘায়িত হয়ে এখন ৪৯ ইনিংসে গিয়ে ঠেকেছে। সর্বশেষ তিনি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০২৩ সালে অ্যাশেজের ম্যানচেস্টার টেস্টে। এর আগে গত বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাজে ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও বাদ পড়েছিলেন এই ব্যাটার।

তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সূচনা করায় ঘরের মাঠে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে নিজের তিন নম্বর জায়গাটি পুনরুদ্ধার করেছিলেন লাবুশেন। সিরিজের প্রথম দুই টেস্টে দারুণ শুরু করে ফিফটি পেলেও এরপর থেকেই তিনি নিজের ছন্দ হারিয়ে ফেলেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে মাত্র ১২ গড়ে ৩৬ রান এবং দক্ষিণ আফ্রিকা সফরে ২১.৮৩ গড়ে ১৩১ রান করেন তিনি। তার এই ব্যর্থতার খেসারত দিয়ে অস্ট্রেলিয়াও বাংলাদেশের সঙ্গে সিরিজ ১-১ ড্র এবং দক্ষিণ আফ্রিকার কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়।

দদল থেকে বাদ পড়ার এই সিদ্ধান্তের মাঝেও লাবুশেনের জন্য আশার বাণী শুনিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি জানিয়েছেন, লাবুশেনের আন্তর্জাতিক দলের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে চার টেস্টের এই সিরিজের পর ভারতের বিপক্ষে পাঁচ টেস্ট এবং আগামী বছর অস্ট্রেলিয়ার অ্যাওয়ে অ্যাশেজ সিরিজ রয়েছে, যেখানে তার কামব্যাক করার যথেষ্ট সুযোগ রয়েছে।

প্রধান নির্বাচক আরও বলেন, মার্নাস সেরা ফর্মে থাকলে কতটা ভালো ও কার্যকরী খেলোয়াড় হতে পারে, তা সবাই জানে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই কাঙ্ক্ষিত পারফরম্যান্স দেখা যায়নি। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে কিংবা দক্ষিণ আফ্রিকায় তিনি ভালো শুরু পেলেও বড় ইনিংসে রূপান্তর করতে পারেননি। তাই ফর্মে ফেরার স্বার্থেই তাকে সাময়িক বিরতি দেওয়া হয়েছে।