রাজধানীর মোহাম্মদপুরে মো. শরীফ নামে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে শেরেবাংলা নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর রোববার আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ডিজিএফআই সদর দপ্তরের সার্জেন্ট আল মামুন, ল্যান্স করপোরাল নুরুজ্জামান, আনসার সদস্য সোহেল রানা, বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাপ্রহরী মুকুল গাজী এবং মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলাম। এছাড়া মামলায় সোনিয়া ও ফনিরুল ওরফে মনিরুল নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, পূর্বপরিচিত আনসার সদস্য সোহেল রানা মোটরসাইকেল কেনার কথা বলে ব্যবসায়ী শরীফকে চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসায় নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর অন্যান্য আসামিরা এসে তাকে মারধর করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় শরীফ নগদ ৭০ হাজার টাকা দিলেও আসামিরা ক্ষান্ত না হয়ে তাকে আরও মারধর করেন এবং পরিবারের কাছে আরও টাকা চেয়ে আটকে রাখেন। পরে রোববার ভোররাতে আসামিরা তাঁকে একটি গাড়িতে করে শেরেবাংলা নগরের শিশু হাসপাতালের বিপরীত পাশে নিয়ে যান। সেখানে আসামিরা চা পান করতে নামলে শরীফ টহল পুলিশের কাছে গিয়ে সাহায্য চান। পুলিশ তাৎক্ষণিকভাবে ৬ জনকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে সেনাসদর দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।