১৬ বছর পর নির্বাচিত বর্তমান জাতীয় সংসদের কোনো মূল্য নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই সংসদ পাঁচ বছর টিকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ এখানে বিরোধী দল ও জনগণের কণ্ঠস্বরের কোনো মূল্যায়ন করা হচ্ছে না।
শনিবার যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম দেশের আইনশৃঙ্খলা ফেরাতে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, তাঁর দায়িত্বে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। একই সাথে জ্বালানি খাতের ব্যর্থতার দায়ে জ্বালানি মন্ত্রীর পদত্যাগ এবং চলমান সংবিধান সংস্কার কমিটির প্রহসন বন্ধ করে নতুন সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান অবৈধ প্রশাসককে বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা সম্পূর্ণ অগণতান্ত্রিক। জেলা ও সিটি করপোরেশনের কোনো প্রশাসকই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না উল্লেখ করে তিনি এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।
পথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।