ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১ নভেম্বর রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে বিশাল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপিবিরোধী ২৮টি রাজনৈতিক দলের জোট ‘ইনডিয়া’ (INDIA)। উক্ত কর্মসূচিতে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার ভারতীয় বার্তাসংস্থা পিটিআই-এর বরাতে জানা যায়, ইনডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেসের হরিয়ানা রাজ্য শাখার সভাপতি রাও নরেন্দ্র সিং এবং সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত এ সংক্রান্ত প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন।

কংগ্রেসের এই দুই শীর্ষ নেতা জানান, ভোটার তালিকার শুদ্ধতা, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার রক্ষা করা দেশের গণতন্ত্রের জন্য অপরিহার্য। এ বিষয়ে কংগ্রেস কোনো আপস করবে না। তাদের দাবি, কংগ্রেস ও বিরোধী জোটের দেশব্যাপী ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ আন্দোলন এখন এক নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। এ লক্ষ্যে হরিয়ানার প্রতিটি জেলা, ব্লক, গ্রাম ও বুথ পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

তারা আরও নির্দেশ দিয়েছেন যেন দলীয় কর্মীরা ভোটার তালিকায় থাকা সম্ভাব্য গরমিলগুলো চিহ্নিত করে নথিবদ্ধ করেন, সাধারণ মানুষকে সচেতন করেন এবং ১ নভেম্বরের সমাবেশে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেন।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বরের এই সমাবেশকে বিরোধী জোটের ‘দিল্লি চলো’ অভিযানের চূড়ান্ত পর্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করে কংগ্রেস নেতা সঞ্জয় দত্ত বলেন, জ্ঞানেশ কুমার পদে বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় থাকা সম্ভব নয়। তদন্তে গণতান্ত্রিক ব্যবস্থা দুর্বল করা বা আইন লঙ্ঘনের প্রমাণ মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করেছে যে, তাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং ভারতীয় নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা ও অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই পরিচালিত হচ্ছে।

সূত্র: পিটিআই, ইন্ডিয়া টুডে