কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তার ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিনারী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও নতুন চেয়ারম্যান প্রার্থী মো. আজহারের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ, যাতে অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে হোসেনপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিনারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক চেয়ারম্যান কুদ্দুছ ও চেয়ারম্যান প্রার্থী আজহারের লোকজনের মধ্যে এই সংঘর্ষে ১০-১৫ জন আহত হয়েছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, "পুলিশ সময়মতো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এলাকা স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"