প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ জন মেধাবী নারী শিক্ষার্থীর মাঝে উপহার হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ১০২টি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এসব বাইসাইকেল হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি নারী শিক্ষার প্রসার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পর্যায়ক্রমে সারাদেশে নারী শিক্ষার্থীদের মাঝে এভাবে বাইসাইকেল বিতরণ করা হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "নারী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ ও নিরাপদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতায়াতের অসুবিধার কারণে অনেক সময় ছাত্রীদের নিয়মিত স্কুলে আসা বাধাগ্রস্ত হয়। এই বাইসাইকেল তাদের যাতায়াতের কষ্ট কমানোর পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপনে এমন আয়োজন নতুন নয়। প্রধানমন্ত্রীকন্যার জন্মদিনে দেওয়া এই উপহার নারী শিক্ষার্থীদের চলার পথের সঙ্গী হবে।"

অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাউকে মনোনয়ন দেবে না। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে আব্দুস সালাম নির্বাচনে অংশ নিলে তাকে সমর্থন দেওয়ার কথা বলেছিলাম, মনোনয়ন দেওয়ার কথা বলিনি। কিন্তু বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রচার না হওয়ায় কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে, যা ছড়ানোর কোনো কারণ নেই।"

অনুষ্ঠানে ১০২টি বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।