রাজধানীর তুরাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পরবর্তীতে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজ রহমান।

রমিজ উদ্দিন তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর ইউনিটের ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় অর্থায়নের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এছাড়া উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আরও দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি।

সরকার পতনের পর উত্তরার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল ও নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে উদ্বেগ তৈরির পেছনে তাঁর সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁর গ্রেপ্তারের পর এলাকা জুড়ে স্বস্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রমিজ উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সুষ্ঠু বিচারে দাবি জানিয়েছেন।