বাংলাদেশ ও জার্মানির মধ্যকার ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতায় নতুন মাত্রা যোগ করতে এবং দুই সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে আজ ঢাকায় পৌঁছাচ্ছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।
তিনি জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের (বিএমজেড) একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে এবং অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি সহনশীলতা, অর্থনৈতিক অভিযোজন ক্ষমতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রথাগত সহায়তার বাইরে নতুন ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হবে।
সফরকালে ড. কফলার রাজনৈতিক সংলাপে অংশ নেওয়ার পাশাপাশি চট্টগ্রামে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি জার্মান দূতাবাসে আয়োজিত ‘জার্মান রিইউনিফিকেশন ডে’-এর উৎসবে যোগ দেবেন, যেখানে উভয় দেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই সফর বাংলাদেশের টেকসই উন্নয়নে জার্মানির দীর্ঘদিনের সুদৃঢ় ও অব্যাহত অঙ্গীকারকে পুনরায় প্রতিফলিত করে।