কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের তাদের প্রেমিকদের সঙ্গে অবস্থানের সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসন আয়োজিত পর্যটন খাতের অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় সংরক্ষিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এই হুঁশিয়ারি দেন।

সম্প্রতি কুমিল্লার ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী কক্সবাজারের একটি হোটেলে ভুয়া বয়সে প্রেমিকের সাথে অবস্থানের পর হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনার প্রেক্ষাপটে এই নির্দেশনা এলো।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এতে পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান, সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলসহ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং কক্সবাজারের ইতিবাচক ব্র্যান্ডিং তুলে ধরার ওপর জোর দেওয়া হয়।