"আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা" কর্মসূচির অংশ হিসেবে উত্তরা ১ নম্বর ওয়ার্ড কেন্দ্রে শিক্ষার্থী ও শিক্ষিকাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত ঢাকা-১৮ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের নিজ বাসভবনে ১ নম্বর ওয়ার্ড কেন্দ্র কর্তৃক এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, "কুরআন মানুষকে অন্ধকার থেকে সত্য ও আলোর পথ দেখায়। আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৮ এর কোমলমতি শিশু ও মহিলাদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার সুব্যবস্থা করেছি। কারণ আমি বিশ্বাস করি, যে ঘরে কুরআনের চর্চা রয়েছে, সে পরিবার কখনো পথভ্রষ্ট হতে পারে না।"
তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, "আমার মূল লক্ষ্য হলো ঢাকা-১৮ আসনের প্রতিটি পরিবারকে কুরআনের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। এই মহৎ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। একটি পরিচ্ছন্ন ও আলোকিত সমাজ গঠনে আমাদের সন্তানদের শুরুতেই কুরআনের আলোয় আলোকিত করতে হবে। কুরআন শিক্ষাই একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উচ্চ নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'আলোকিত কুরআন: সহজ কুরআন শিক্ষা'র ব্যবস্থাপনা পরিচালক রাজিয়া সুলতানা। তিনি জানান, সহজ ও সাবলীল পদ্ধতিতে প্রতিটি ঘরে ঘরে কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়াই তাঁদের এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
সংগঠনের নির্বাহী পরিচালক মাওলানা নিজাম তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়। পরবর্তীতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।