পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রথম ইউনিটের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। এছাড়া, দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৈঠকে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে ফলপ্রসূ আলোচনার ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি একটি তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক কেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও দেশি-বিদেশি বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রতিটি ধাপ বাস্তবায়িত হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পটি সঠিক পথে রয়েছে।
বৈঠকে আরও জানানো হয়, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের কাজও চলমান রয়েছে।
স্থায়ী কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও উদ্ভাবন চর্চা বাড়াতে স্কুল-কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণ বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করা হয়। একই সঙ্গে দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগিয়ে বিদেশে রপ্তানি বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ অন্যান্য সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।