লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ শিকার ও পরিবহনের ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৪ জনকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হুসাইনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২ জেলেকে ১৩ দিন করে কারাদণ্ড এবং মাছ পরিবহনের দায়ে অপর ২ জনকে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে আনুমানিক ৩ মণ ইলিশ জব্দ করা হয়, যা পরবর্তীতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা উপজেলার চরফলকন গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।