দেশের টেকসই ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর পাশাপাশি সার, ওষুধশিল্প, কৃষি এবং জাহাজ নির্মাণসহ একাধিক অর্থনৈতিক খাতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব গভীর করার বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান ও আলোচনা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও আলজেরিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুভাবাপন্ন সম্পর্কের কথা উল্লেখ করে বিশেষ করে জ্বালানি এবং সার খাতে যৌথ সহযোগিতার বড় সুযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, আলজেরিয়ার সার ও জ্বালানি সহায়তা বাংলাদেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন তিনি।

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশের প্রস্তাবগুলোর বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। বিশেষ করে জ্বালানি, সার, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ এবং সামুদ্রিক নৌপরিবহন সেবায় সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে তাঁর দেশ প্রস্তুত রয়েছে।