চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে বন্দর শ্রমিকদের সোমবারে (১২ অক্টোবর) ডাকা অনশন কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এ সংহতি জানানো হয়।
সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, দেশীয় ব্যবস্থাপনায় পরিচালিত একটি লাভজনক কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী। তারা দাবি করেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সুসম্পর্ক ও চুক্তি থাকায় এই ইজারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এ ছাড়া ইজারা বাতিলের দাবিতে আগের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার কঠোর নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়।
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমন্বয়ক এবং বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), সিপিবি, বিপ্লবী কমিউনিস্ট লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। নেতারা হুঁশিয়ারি দেন যে, সরকার যদি অবিলম্বে এনসিটি ইজারা চুক্তি বাতিল না করে, তবে আগামীতে শ্রমিক ও অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।