দেশজুড়ে অভিন্ন টোল কালেকশন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই ব্যবস্থায় একটিমাত্র অ্যাপ, সফটওয়্যার বা অ্যাকাউন্ট ব্যবহার করেই দেশের বিভিন্ন সেতু, ফ্লাইওভার ও টোল প্লাজায় টোল পরিশোধ করা যাবে। আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই এ সেবা চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। যোগাযোগ বিটের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এ কর্মশালার আয়োজন করা হয়।

মোহাম্মদ আবদুর রউফ জানান, ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউওএনএফ) ফ্রেমওয়ার্কের আওতায় সারা দেশে একই অ্যাপ, সফটওয়্যার বা একটি অ্যাকাউন্টের মাধ্যমে টোল পেমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। এই প্রক্রিয়ায় রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার এবং পদ্মা, যমুনা, কর্ণফুলী ও মুক্তারপুর সেতুর টোল প্লাজাগুলো এপিআইয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে।

সেতু বিভাগের সচিব আরও জানান, কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ও অ্যাপ তৈরি করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পরে দরপত্রের মাধ্যমে দুটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) নিয়োগ দেওয়া হবে। আগামী ডিসেম্বর নাগাদ সফটওয়্যার পাওয়া গেলে রোজার ঈদের আগেই সেবাটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় টোলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সংস্থার হিসাবে জমা হবে জানিয়ে তিনি বলেন, এপিআই যুক্ত থাকলে যে যানবাহন যেখানে যাবে, সে বিভাগ সেই টাকা পাবে। অর্থাৎ, সেতুর টাকা সেতুর অ্যাকাউন্টে এবং সড়কের টাকা সড়কের অ্যাকাউন্টে স্বচ্ছতা ও রিয়েল-টাইম ডেটাসহ জমা হবে। তবে এ ব্যবস্থা কার্যকর করতে সব টোল প্লাজায় একই স্পেসিফিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) রিডার ও অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে, যার জন্য টেকনিক্যাল কমিটি অভিন্ন স্পেসিফিকেশন নির্ধারণ করেছে।

বর্তমানে সড়কপথে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল দিতে বিভিন্ন সংস্থার আলাদা নিবন্ধনের বাধ্যবাধকতা থাকলেও নতুন ব্যবস্থায় এই ভোগান্তি থাকবে না। গাড়ির মালিকরা ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং নিবন্ধনের মূল তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার থেকে সংগ্রহ করা হবে। পাশাপাশি আরএফআইডি ট্যাগ ও রিড ক্যাপাসিটিসংক্রান্ত সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন এই ব্যবস্থার আওতায় থাকা টোল প্লাজাগুলোতে যানবাহন ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চললেও টোল দেওয়ার জন্য থামতে হবে না। বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক কিংবা ভিসা কার্ডের মতো বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বিভিন্ন পেমেন্ট মাধ্যম যুক্ত করে একটি ওয়ালেটের মাধ্যমে গাড়ি প্লাজা অতিক্রম করার সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কেটে নেওয়া হবে।