তিন বছরের সফল পথচলা সম্পন্ন করে চতুর্থ বছরে পদার্পণ করেছে অনলাইন সংবাদমাধ্যম নজর বিডি ডট কম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নজর বিডির প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার ডিএসইউ-এর সাবেক ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটওয়ে এসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম কবির, দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ও গবেষক প্রকৌশলী ড. আবু রায়হান, সরকার বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম সরকার, জনপ্রিয় নাট্যকার, নির্দেশক ও প্রযোজক জিনাত হাকিম, উত্তরা রোটারি ক্লাবের প্রেসিডেন্ট (২০২৭–২০২৮) আবিদা সুলতানা বাঁধন এবং উত্তরা শিল্পী সংস্থার সভাপতি মঞ্জু কস্তা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. শাহজালাল, আর্মি সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক হোসেন, বৃহত্তর উত্তরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহুরুল ইসলাম এবং ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে প্রধান উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য দেন নজর বিডির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন আনু।
আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নৈতিকতা এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গণমাধ্যমের অবদান নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তাঁরা বলেন, একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি হলো পাঠকের আস্থা ও বিশ্বাস। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখাই গণমাধ্যমের মূল লক্ষ্য হওয়া উচিত।
বক্তারা নজর বিডির তিন বছরের পথচলাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি আগামী দিনে সংবাদমাধ্যমটির কার্যক্রম আরও বিস্তৃত করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে সংবাদ পরিবেশনের পরিধি বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উত্তরা শিল্পী সংস্থার পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপভোগ করেন।
তিন বছরের অভিজ্ঞতা, অর্জন ও পাঠকের ভালোবাসাকে সঙ্গী করে নতুন প্রত্যয়ে চতুর্থ বছরে যাত্রা শুরু করেছে নজর বিডি। ‘সত্যের কলম, রাষ্ট্রের উন্নয়ন’—এই স্লোগানকে ধারণ করে আগামী দিনেও সত্য, ন্যায় ও জনস্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।