পশ্চিমাঞ্চল রেলওয়ের অধিকাংশ লেভেল ক্রসিংয়ে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা; কোথাও গেট থাকলেও নেই গেটম্যান। এরমধ্যে রেলওয়ের অনুমতি ছাড়াই বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা নির্মাণ করেছে শতাধিক লেভেল ক্রসিং। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এসব ক্রসিং পারাপার হচ্ছে মানুষ ও যানবাহনের চালকেরা, যা প্রতিনিয়ত বাড়াচ্ছে দুর্ঘটনার আশঙ্কা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২ হাজার কিলোমিটার রেলপথে মোট লেভেল ক্রসিং রয়েছে ১ হাজার ৮০০টি। এর মধ্যে মাত্র ৫৭৪টিতে গেটম্যান রয়েছেন; অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রেলওয়ের হিসাবে ১ হাজার ৩০১টি ক্রসিং বৈধ হলেও এসব বৈধ ক্রসিংয়ের ৭২৭টিতেও নেই কোনো গেটম্যান বা নিরাপত্তাকর্মী।
রেলওয়ের তথ্য অনুযায়ী, গত বছর পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন ক্রসিংয়ে ৯টি দুর্ঘটনা ঘটেছিল, আর চলতি বছরের প্রথম ৮ মাসেই দুর্ঘটনা ঘটেছে ১৪টি। অনেক ক্রসিংয়ে গেট ও সতর্কসংকেত না থাকায় ট্রেন আসার শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই যানবাহন থামানোর দায়িত্ব পালন করেন।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ক্রসিংয়ের বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। রাজশাহী নগরীর বুধপাড়ার পথচারী রাজু ইসলাম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পর নতুন বুধপাড়া, বুধপাড়া গণির মোড় ও মোহনপুর রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। এর মধ্যে বুধপাড়া গণির মোড়ের রেলক্রসিংটি অবৈধ হলেও বাকিগুলো বৈধ, কিন্তু সেগুলোতেও গেট বা নিরাপত্তাব্যবস্থা নেই।
রাজু ইসলাম আরও বলেন, রেলওয়ের কর্মীদের তথ্যমতে যে ক্রসিংয়ে চেক রেল বা ডাবল লাইন রয়েছে সেটি অনুমোদিত; সেই হিসাবে বুধপাড়া গণির মোড়ের ক্রসিংটি ছাড়া বাকিগুলো অনুমোদিত। তবুও সেসব ক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা না থাকায় ট্রেন আসার সময় বোঝা যায় না এবং সবসময় দুর্ঘটনার আতঙ্ক নিয়ে রেললাইন পার হতে হয়।
জানা গেছে, সবচেয়ে বেশি অবৈধ লেভেল ক্রসিং নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশন ও বিভিন্ন পৌরসভাও ক্রসিং নির্মাণ করেছে; এমনকি কোথাও কোথাও ১০০ গজের মধ্যেও একাধিক ক্রসিং রয়েছে।
এ বিষয়ে রাজশাহী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা বলেন, জনসাধারণের চলাচলের সুবিধার্থে রেললাইন অতিক্রম করে সড়ক নির্মাণ ও উন্নয়ন করতে হয় এবং নিয়ম অনুযায়ী এ ধরনের কাজের আগে রেলওয়েকে চিঠি দিয়ে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) নেওয়া হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ৪৮৭টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে, যা বিভিন্ন সংস্থা নির্মাণ করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে এজাহারসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে পুরোনো মাটির রাস্তা পাকা করা হলেও রেলওয়ের অনুমতি নেওয়া হয়নি; রেলওয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হলে দুর্ঘটনার হার আরও কমানো সম্ভব হতো বলে তিনি মন্তব্য করেন।
নিরাপদ সড়ক চাই, রাজশাহীর সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, শুধু গেটম্যানের ওপর নির্ভর না করে লেভেল ক্রসিংয়ে আধুনিক সংকেতব্যবস্থা, লাইটিং ও ডিজিটাল প্রযুক্তি চালু করতে হবে। ট্রেন আসার সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে নেমে যাবে—এমন ব্যারিয়ার স্থাপন করা গেলে দুর্ঘটনা অনেক কমানো সম্ভব।