দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন—এটাই জাতির প্রত্যাশা।

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বাণীতে রাষ্ট্রপতি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছিল। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, “আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।”

তিনি আরও বলেন, সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ নীতি’ গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাঁদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। বাণীতে তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।