২০১৭ সালে ‘বিদ্রোহ দমন’-এর নামে জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো ভয়াবহ অভিযানকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করে ঐতিহাসিক রায় দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। তবে বিশ্ব আদালতের এই রায়কে ‘ন্যায়সঙ্গত নয়’ বলে প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের প্রেসিডেন্ট ও বিচারক ইউজি ইসাসাওয়া এই রায় ঘোষণা করেন। রায়ের পর প্রতিক্রিয়া জানতে চেয়ে রাজধানী নেপিদোতে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরে যোগাযোগ করে বার্তা সংস্থা এএফপি।

দপ্তরের মুখপাত্র খাইং খাইং সোয়ে রায়টিকে ‘অন্যায্য’ অভিহিত করে এএফপিকে বলেন, “আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা থাকা সত্ত্বেও রায়ের ফলাফলের দিকে তাকালে দেখা যায়—১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না। রায়টি ৯-৬ ভোটে গৃহীত হয়েছে। সুতরাং এটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল না এবং আমি বলব, এটি ন্যায়সঙ্গতও নয়।”

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টের শুরুতে রাখাইন রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, যার দায় স্বীকার করে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা)। ওই হামলার জেরে আগস্টের মাঝামাঝি সময় থেকে রাখাইনে বসবাসরত রোহিঙ্গাদের লক্ষ্য করে ব্যাপক সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী।

সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে সে সময় ৭ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের আশ্রয়শিবিরগুলোতে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় আরও কয়েক লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় ‘গণহত্যা সনদ’ লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বহুল প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা করা হয়।