পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করতে জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে। একই সঙ্গে বিশ্বপরিসরে নিজেদের কণ্ঠস্বর জোরালো করা, সক্রিয় অংশগ্রহণ এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা জরুরি।
আজ সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) এম এম আলী ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘পরিবর্তনশীল বিশ্ব : ক্ষমতা, মানুষ ও আমাদের প্রত্যাশিত ভবিষ্যৎ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। চীনের উত্থান, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং অর্থনৈতিক বৈষম্য বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশগুলোর নিজেদের স্বার্থ ও অবস্থান জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন।
এইউডব্লিউ-এর মানবিক বিভাগের অ্যান্ড্রু ডব্লিউ মেলন ফেলো ড. থমাস জেমস নিউবোল্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস, সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব।
উদ্বোধনী বক্তব্যে সিজিএসের সভাপতি জিল্লুর রহমান বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি এবং আন্তর্জাতিক সম্পর্কের রূপান্তর এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে দেশগুলোকে আরও নানা সংকটের মুখোমুখি হতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান উল্লেখ করে তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।
ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গেরডেস বলেন, বিশ্ব বর্তমানে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীনের উত্থানের ফলে পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশের অর্থনীতিতে দৃশ্যমান। জার্মানির শিল্প খাতও বর্তমানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে এবং মুনাফা কমে যাওয়ার প্রভাব পড়ছে মজুরি ও সরকারি রাজস্বের ওপর। বিশ্বজুড়ে ধনীদের কাছ থেকে কর আদায় কঠিন হয়ে ওঠা ও অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধির কথা তুলে ধরে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতির পুনর্গঠন প্রয়োজন। তবে কীভাবে সেই পুনর্গঠন সম্ভব, সেটিই এখন বড় প্রশ্ন।
সাবেক রাষ্ট্রদূত ও সচিব নাসিম ফেরদৌস বলেন, বিশ্বে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ক্ষমতাধর দেশগুলোর মূল্যবোধেও পরিবর্তন এসেছে। বর্তমানে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য এবং অবিচার প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘে পাঁচটি স্থায়ী সদস্যরাষ্ট্রই মূলত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে, ফলে বাংলাদেশের মতো দেশগুলোকে উন্নয়নের জন্য প্রতিনিয়ত সমঝোতার ওপর নির্ভর করতে হয়। বাংলাদেশের লক্ষ্য অর্জন এবং বিশ্বে শক্তিশালী অবস্থান গড়তে নিজেদের কণ্ঠস্বর জোরালো করার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণ ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব বলেন, বিশ্বব্যবস্থা কখনোই স্থির থাকে না; রাজনৈতিক সমঝোতা ও আলোচনার মধ্য দিয়েই তা গড়ে ওঠে। তাই বর্তমান অস্থিরতা ও সংকটের মধ্যেও কীভাবে এগিয়ে যেতে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। ব্যক্তি কিংবা রাষ্ট্র—উভয় পর্যায় থেকেই নতুন নিয়ম ও নীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, নিজেদের অগ্রাধিকার বিষয়ে ঐকমত্য তৈরি না হলে কোনো উদ্যোগ টেকসই হবে না।
অনুষ্ঠানের শুরুতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. সঙ্গীতা রায়ামাঝি বলেন, পরিবর্তনশীল এই সময়ে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, সার্বিয়া ও কেনিয়ায় জেন-জি আন্দোলনগুলো সমাজ ও বিশ্ব পরিবর্তনে তরুণদের শক্তিশালী ভূমিকার প্রমাণ দিয়েছে। মানবনিরাপত্তা ও শান্তি যখন নানা চ্যালেঞ্জের মুখে, তখন তরুণদের কণ্ঠস্বর শোনা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ সময় তিনি তরুণ নারীদের নিজেদের গণ্ডির বাইরে গিয়ে বিশ্বকে নতুনভাবে দেখার এবং পৃথিবীকে আরও বাসযোগ্য করে তুলতে পরিবর্তনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা শান্তি, গণতন্ত্র, নেতৃত্ব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন শিক্ষাগত ও সাংস্কৃতিক পটভূমি থেকে আসা তরুণীরা বৈশ্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগ, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরেন।