রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণে জানা যায়, রামিসার বাবা পরিবার নিয়ে পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিকটিম রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান আসামি সোহেল রানা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয়। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২১ মে ওই মামলায় আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান গত ২৫ মে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সেদিনই মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মাত্র একদিনেই সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

বিচার প্রক্রিয়া শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। রায়ে আদালত উল্লেখ করেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা অনুযায়ী আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রাখা হয়।

রায়ে প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদান করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে কালেক্টরেট অফিসকে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে ভিকটিমের উত্তরাধিকারদের পরিশোধের নির্দেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় দ্রুততম সময়ে এই বিচার সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছিল।

নিম্ন আদালতের রায়ের পর মামলাটির ডেথ রেফারেন্স এবং যাবতীয় নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। এরপর কারাবন্দী দুই আসামির পক্ষে হাইকোর্টে জেল আপিল করা হয়।