গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় ও আশপাশের এলাকায় এসব সহিংস ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে প্রবেশ করেন। প্রথমে তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন, যাতে তার বাড়ির একটি থাই গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এরপর মোবাইল টাওয়ার মোড়সংলগ্ন বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
একই সময়ে মালিখালী ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেনের কার্যালয়েও হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয় এবং কার্যালয়ের টিন কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া এই সুযোগে একটি ফার্নিচারের দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা সুমন তালুকদার।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত জানান, নাজিরপুরে দুটি স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার প্রতিবাদে এবং নাজিরপুরের টাওয়ার মোড়সহ সংলগ্ন এলাকায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও নেতা-কর্মীদের বাড়িঘরে লুটপাটের অভিযোগে সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় নাজিরপুরের সাচিয়া বাজারে একটি প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান নিজের ফেসবুক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, টুঙ্গিপাড়ার সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় সেখানে পূর্ব থেকেই কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি বিএনপি কার্যালয় ও একটি ফার্নিচারের দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।