মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন ২০২৪ সালে সব প্রক্রিয়া সম্পন্ন করেও দেশটিতে যেতে না পারা কর্মীরা।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কয়েকশ কর্মপ্রত্যাশী।
বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় প্রবেশের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগে বৈধ ভিসা ও বহির্গমন ছাড়পত্র থাকা সত্ত্বেও ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মী দেশটিতে যেতে পারেননি। বিক্ষোভকারীদের দাবি, সেই তালিকা থেকে পরবর্তী সময়ে মাত্র কয়েকশ কর্মী মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পেলেও এখনো হাজার হাজার ভুক্তভোগী কর্মী অনিশ্চয়তার মধ্যে অপেক্ষায় রয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়া দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের আগেই কর্মী পাঠানো শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার প্রথম পর্যায়ে ১১২ জন পুরুষ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।