রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে সংঘটিত গুলি বর্ষণের ঘটনায় সাব্বির (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাব্বির ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আরিশনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৪ নভেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলার সূত্র ধরে এবং গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। রাতে এসআই শরীফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আসামি সাব্বিরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এর আগেও মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে মামলা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টনের মালিকানাধীন অনুরাগ ফার্মেসিতে দুর্বৃত্তরা গুলি চালায়। এর আগে গত ৬ নভেম্বর তার কাছে মুঠোফোনে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানায় পুলিশ।