নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর তুরাগে ৫৪ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. শাকিল খান ওরফে জয়কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে তুরাগ থানার কামারপাড়া ২০ নম্বর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তুরাগ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে শাকিলকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তিনি তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল এবং নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

গ্রেপ্তার শাকিল খান কামারপাড়া ২০ নম্বর রোডের ৩৮ নম্বর বাসার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. সেলিম খান এবং মায়ের নাম সেলিনা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।