ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের কালিয়াকৈরে শিল্পাঞ্চলের অস্থিরতা এখনো কাটেনি। চলমান পরিস্থিতির কারণে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৭টা থেকে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধ ও ছুটির নোটিশ দেখতে পান। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানায় একই চিত্র দেখা গেছে। কাজ না থাকায় অধিকাংশ শ্রমিক ফিরে গেলেও অনেককে দীর্ঘ সময় ফটকের সামনে অপেক্ষা করতে দেখা যায়। আকস্মিক এই সিদ্ধান্তে কাজ হারানোর শঙ্কা ও চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো পোশাক শ্রমিক।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ মোট সাতটি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ জানান, সরকার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তারা এখন নিয়মিত কাজ করতে চান। কাজ না করলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কিন্তু প্রতিদিন সকালে কাজে এসেই তারা ছুটি বা কারখানা বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

বেতন বৃদ্ধির দাবিতে চলমান বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের কারণে কয়েক দিন ধরেই গাজীপুর শিল্পাঞ্চল উত্তপ্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো জেলায় পুলিশ, আনসার, এসআরবি ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও কারখানায় ভাঙচুরের ঘটনায় অনেক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আজ নতুন করে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে, সে সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ এখনো পুলিশের হাতে পৌঁছায়নি। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক মালিকপক্ষ সকালেই কারখানা ছুটি ঘোষণা করেছে। আজ সকাল থেকে কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।