নেত্রকোণার কেন্দুয়া সরকারি কলেজে চলমান কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ) পরিদর্শন করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দুয়া পৌর শহরে কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণে  তিনি (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ওসি প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং এ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। 

তিনি বলেন- দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলা, জনসচেতনতা সৃষ্টি এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গত ৮ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রশিক্ষণের মাধ্যমে কলেজপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সোমা আক্তারসহ প্রশিক্ষণার্থীরা।