বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারতের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

আজ রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন ও সদস্য সচিব এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। এ সময় মহানগর উত্তরের অন্তর্ভুক্ত বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, সকালে আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা সমাধিস্থলে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তারা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে মহানগর উত্তর বিএনপির অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানারসহ অংশগ্রহণ করেন। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের নেতৃত্ব দেন মোঃ আশরাফ উদ্দিন। পাশাপাশি, বিমানবন্দর থানাধীন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল আক্তারের নেতৃত্বে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

কর্মসূচি চলাকালে তুরাগ থানা ও বিমানবন্দর থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ আগামী দিনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।