নেত্রকোনার কেন্দুয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাদক কারবারি হিসেবে অভিযুক্ত আব্দুল মান্নান ভুঁইয়াকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে উপজেলা ছাত্রদল।
আটককৃত ব্যক্তি কেন্দুয়া উপজেলার ১০ নম্বর কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
১৫ নভেম্বর (রবিবার) বিকেলে আব্দুল মান্নান ভুঁইয়া কেন্দুয়া পৌর শহরে ঘোরাফেরা করছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের নেতৃত্বে পৌর ছাত্রদলের নেতাদের সহযোগিতায় তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত হলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে নেতাকর্মীরা মারমুখী হওয়ার চেষ্টা করলে ছাত্রদলের নেতারা পুলিশকে তাকে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
এর পরপরই উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা ছাত্র দলের মিছিল করে, স্লোগানে স্লোগানে বলতে শোনা যায় একটা একটা লীগ ধর, ধইরা ধইরা থানায় ভর।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন- নিষিদ্ধ সংগঠনের লোকজন পৌর শহর এলাকায় ঘুরাঘুরি অবস্থায় উপজেলা ছাত্র দলের নেতারা তাকে আটক করে, দলীয় কার্যালয়ে নিতে চেষ্টা করে। তাৎক্ষণিক জানতে পেরে আমরা সেখানে ফোর্স পাঠালে ছাত্র দলের নেতারা পুলিশের হাতে তুলে দেন