ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে টিসিবির নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো আইনগত বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
গতকাল বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।
আইনজীবী সূত্রে জানা যায়, ‘টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর ৬(ঝ) ধারার ৩ নম্বর ক্লজের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট বিভাগ পাবনা অঞ্চলে নতুন ডিলার নিয়োগের জন্য গত ৬ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছিলেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার বিচারপতি হাইকোর্টের স্থগিতাদেশটি স্থগিত করেন। ফলে ৬ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে নতুন ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণে আর কোনো প্রতিবন্ধকতা থাকল না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তাঁকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।