তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আমন্ত্রণে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ‘গ্রিন জোনে’ এই নৈশভোজের আয়োজন করা হয়।
সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি এই বিশেষ নৈশভোজের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান আমন্ত্রিত বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
এর আগে বুধবার সকালে কপ-৩১ সম্মেলনের মূল অধিবেশনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে তিনি একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার সস্ত্রীক তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।