ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সেলিম বারকাত। তিনি আন্তর্জাতিক ব্যাংকিং ও আর্থিক সেবা খাতের একজন অভিজ্ঞ নির্বাহী।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর ১১২৭তম বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্যাংকিং ও আর্থিক খাতে সেলিম বারকাতের প্রায় চার দশকের কাজের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ এই সময়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ নেতৃত্ব, বৈশ্বিক ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার পরিচালন এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয়মূলক দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।
সেলিম বারকাত ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত সিটিব্যাংক এনএ বাংলাদেশে দায়িত্ব পালন করেন। সে সময় বাংলাদেশে ব্যাংকটির প্রথম শাখা প্রতিষ্ঠার মূল দলের অন্যতম সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা প্রায় দুই দশক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের বিভিন্ন উচ্চপদে কাজ করেন তিনি। এ সময় বৈশ্বিক বিনিয়োগ ব্যাংক, ব্রোকার-ডিলার, স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস ও ডিপোজিটরির সঙ্গে কাজ করার বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেন।
২০১৯ সালে দেশে ফিরে তিনি হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) জেনারেল ম্যানেজার ও কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে পদোন্নতি পেয়ে দক্ষিণ এশিয়ার রিজিওনাল জেনারেল ম্যানেজার হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অঞ্চলে ব্যাংকটির কার্যক্রম সফলভাবে পরিচালনা করেন।
ডিএসইর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেলিম বারকাতের দূরদর্শী নেতৃত্বে এইচবিএল বাংলাদেশে ধারাবাহিক মুনাফা অর্জনের পাশাপাশি শক্তিশালী মূলধন ভিত্তি ও খেলাপি ঋণের সর্বনিম্ন হার বজায় রাখতে সক্ষম হয়। কর্পোরেট সুশাসন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান পরিপালনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।