রাজধানীর মিরপুরে চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা ‘চিড়িয়াখানা সিটি পরিবহন’-এর একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা সংলগ্ন বাস টার্মিনাল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ২টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. রিপন।
তিনি জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ১টা ১৯ মিনিটে আগুনের সংবাদের পর ফায়ার সার্ভিসের টিম পাঠানো হলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
ঘটনাস্থল থেকে সংগৃহীত দৃশ্যে দেখা যায়, চিড়িয়াখানা সিটি পরিবহনের একাধিক বাস সেখানে সারিবদ্ধভাবে পার্কিং করা ছিল। হঠাৎ একটি বাসে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে সংলগ্ন অন্য বাসগুলোকে দ্রুত সরিয়ে নেন চালক ও সহযোগীরা, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় অন্যান্য যানবাহন।