রাজধানীর মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা হঠাৎ একটি চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সনি হলের সামনে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।