আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম সহনীয় পর্যায়ে রাখতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানের অতি প্রয়োজনীয় পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে নগদ মার্জিনের হার কত হবে, তা ব্যাংক ও গ্রাহকের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাঠিয়েছে।

সার্কুলারে জানানো হয়, চাল, গম, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার সময় নগদ মার্জিনের প্রয়োজনীয় হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে।

এর পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে এসব খাদ্যপণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। অবিলম্বে কার্যকর হওয়া এই সুবিধা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বলবৎ থাকবে।