চট্টগ্রামের পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত উন্মুক্ত করে নতুনভাবে সাজানো হবে। এর মধ্যে পতেঙ্গায় গড়ে তোলা হবে আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটন অবকাঠামো এবং খেজুরতলার প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রেখে তাকে রূপ দেওয়া হবে একটি অনন্য 'সবুজ পর্যটনকেন্দ্র' (গ্রিন ট্যুরিজম)-এ।
রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার যৌথ কার্যক্রম অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, "খেজুরতলা সমুদ্রসৈকত প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য, যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটিই দেখা যায়। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে পর্যটনের পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও বড় ভূমিকা রাখা সম্ভব।"
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, "তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পাশাপাশি পর্যটন হতে পারে বাংলাদেশের অর্থনীতির চতুর্থ বৃহৎ শক্তি। পতেঙ্গা-খেজুরতলাকে বিশ্বমানের বিশেষায়িত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে প্রচুর বিদেশি পর্যটক আকৃষ্ট হবে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয় করা সম্ভব হবে।"
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন পর্যটন কেন্দ্রগুলোর আধুনিকায়নের পাশাপাশি পুরো চট্টগ্রাম জেলাকে পরিচ্ছন্নতার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে তোলার কথা ব্যক্ত করেন।
পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত পুরো সৈকত উন্মুক্ত করে নান্দনিকভাবে সাজানো হবে। পতেঙ্গায় আধুনিক অবকাঠামো থাকলেও খেজুরতলায় প্রাধান্য পাবে নির্মল বাতাস ও প্রাকৃতিক সবুজ পরিবেশ। আন্তর্জাতিক মানের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববাসীর কাছে এখানকার সূর্যোদয় ও সূর্যাস্তের সৌন্দর্য তুলে ধরা হবে।"
তিনি আরও জানান, কেবল পতেঙ্গা বা খেজুরতলা নয়; চট্টগ্রামের অন্যান্য সম্ভাবনাময় ও তুলনামূলক কম পরিচিত পর্যটন কেন্দ্রগুলোকেও পর্যায়ক্রমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে প্রশাসন কাজ করছে।