মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে মর্মান্তিক ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই লাইনে চলা দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে উভয় ট্রেনের কন্ডাক্টরও রয়েছেন।

গতকাল রোববার মিসরের প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত জেলায় এই দুর্ঘটনা ঘটে। কায়রো থেকে আসওয়ানমুখী একটি ট্রেনের শেষ বগির সঙ্গে পেছনের দিক থেকে আঘাত করে ফায়ুম প্রদেশগামী আরেকটি ট্রেন। প্রাথমিক তদন্তে একই লাইনে দুটি ট্রেন চলে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার গভীর রাতে কৌঁসুলির কার্যালয় জানায়, তদন্তকারীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। আল-আইয়াত এলাকার কাফর গিরজা গ্রামের স্থানীয় বাসিন্দা আইমান জামাল জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠান।

মিসরের রেলওয়ে নেটওয়ার্কে অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। তবে বর্তমান সরকার রেলওয়ের আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি এই মর্মান্তিক দুর্ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ইতোমধ্যে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বরেও একই জেলায় দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এছাড়া ২০০২ সালে মিশরের ইতিহাসে সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনায় একটি নৈশ ট্রেনে আগুন লেগে তিন শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল।

সূত্র: এএফপি, রয়টার্স