আর্মেনিয়ার পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। দেশটির বিরোধী দল ‘স্ট্রং আর্মেনিয়া পার্টি’ চলতি বছরের শুরুতে ঘোষণা দিয়েছিল যে তারা ক্ষমতায় গেলে দেশে একটি ‘যৌন মন্ত্রণালয়’ গঠন করবে। নারীদের যৌন চাহিদা পূরণের নিশ্চয়তা এবং মধ্যবয়সী নারীদের যৌনজীবন উন্নত করার মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা কমানোর আজব যুক্তিতে এমন প্রস্তাব দিয়েছিল দলটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পার্লামেন্টে এই অদ্ভুত প্রস্তাবের তীব্র সমালোচনা করেন সরকারি দলের এমপি তারুণ চাখোয়ান। তিনি বিরোধী দলের নেতাকে নারীদের নিয়ে এমন মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দেওয়ার জন্য জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এর পরই ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের এমপিরা তাঁর ওপর চড়াও হন।
এ নিয়ে মুহূর্তেই পার্লামেন্টের ভেতর চরম হট্টগোল শুরু হয় এবং উভয় পক্ষের আইনপ্রণেতারা একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন ও কিল-ঘুষি দিতে শুরু করেন। ঘটনার সূত্রপাত বর্ণনা করে দ্য টেলিগ্রাফ জানায়, সরকারি দলের এমপি তারুণ চাখোয়ান বিরোধী দলের প্রধান নেতা নারেক কারাপেতায়ানকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আপনার মাথা থেকে পা পর্যন্ত নোংরা।” এই মন্তব্যের পরই বিরোধীরা তেড়ে যান এবং অন্য সরকারি দলের এমপিরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এদিকে পার্লামেন্টের এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনাইয়ান। তবে তিনি একই সঙ্গে মন্তব্য করেন, সরকারি দলের এমপিরা যা করেছেন, ঠিকই করেছেন। কারণ বিরোধী দলে থেকে কেউ এমন ধৃষ্টতা দেখাবে, তা তারা কোনোভাবেই মেনে নেবেন না।