বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আসল সত্য উদ্ঘাটনের জোর দাবি জানিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের কল্যাণ সংস্থা ‘রাওয়া’।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে তাহসিফের বাসায় গিয়ে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাওয়া নেতারা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাওয়ার প্রতিনিধিদল জানান, তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছেন এবং ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আইনগত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই মাঠপর্যায়ে অনুসন্ধান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করছে। তাহসিফের মৃত্যু ডিফেন্স কমিউনিটির জন্য অত্যন্ত বেদনার। পুরো দেশবাসীর মতো সাবেক সশস্ত্র বাহিনী সদস্যরাও আশা করছেন, দ্রুতই ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই কথা ব্যক্ত করে আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর আল আমিন বলেন, এই ঘটনাটি তাঁরা গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। সত্য উদ্ঘাটন ও দোষীদের উপযুক্ত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাওয়া পরিবারের পাশে থেকে বিষয়টি তদারকি করে যাবে।