ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের করোটিয়ার খুদিরামপুর এলাকায় গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ৩৪ মামলার চিহ্নিত অপরাধী মিজানকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তবে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
রোববার (২৫ অক্টোবর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে নীল রঙের একটি গরুবাহী পিকআপের (ঢাকা মেট্রো-ন-২২-০৫৫৯) গতিরোধ করে। পিকআপটিতে মোট ৯টি গরু ছিল।
ডাকাত দলের সদস্যরা পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে জোরপূর্বক নামিয়ে দেন এবং বাকি একজনকে নামানোর জন্য ধস্তাধস্তি করছিলেন। এ সময় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিজান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্য সদস্যরা মাইক্রোবাস নিয়ে সটকে পড়েন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার ও জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত মিজান একজন চিহ্নিত অপরাধী। দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন গুরুতর অপরাধে তার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা রয়েছে।
পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।