কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়িতে গুলির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর বেশ কিছু সময় পার হলেও গুলি চালানো ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ও তার আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাতে আসিফ আকবর নিজে বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিস কক্ষে থাকা অবস্থায় নিচ থেকে একটি বিকট শব্দ শুনতে পান আসিফ আকবর। পরে তিনি নিচে পার্কিংয়ে গিয়ে দেখেন তার গাড়ির পেছনের ডান পাশের দরজার কাঁচ ভেঙে গেছে। এরপর অফিসে ফিরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তিনি দেখতে পান, মগবাজার থেকে ওয়্যারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক ব্যক্তি বিশাল সেন্টারের পার্কিং স্থানে প্রবেশ করেন। সেখানে অবস্থান নিয়ে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের দরজার কাঁচ লক্ষ্য করে গুলি চালান এবং মুহূর্তের মধ্যে অটোরিকশায় চেপে পালিয়ে যান।
ঘটনাটি জানতে পেরে হাতিরঝিল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গুলিবর্ষণে গাড়ির কাঁচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
হামলাকারীকে শনাক্ত করার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, "ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন এবং সংলগ্ন এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি পাওয়া যায়নি।"