সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে নাগরিকে সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি চাকরিতে সীমাবদ্ধতাকে অজুহাত না বানিয়ে গতিশীলতার মাধ্যমে নাগরিকদের আস্থার জায়গা তৈরি করতে হবে। সরকারি দপ্তরে এসে মানুষ যাতে স্বস্তি পান এবং তাদের কাঙ্ক্ষিত সেবা পান, সেটি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্মকর্তাদের দৃঢ়তার সঙ্গে কাজ করার তাগিদ দেন। একই সাথে সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ, সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা এবং উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন। সাম্প্রতিক দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অসাম্প্রদায়িক চেতনার প্রসারের কথা উল্লেখ করার পাশাপাশি তিনি জানান, জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের আওতায় পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। উদাহরণ হিসেবে তিনি সিজেকেএস এলাকায় দীর্ঘ ১৪ বছর ধরে জমে থাকা বর্জ্য অপসারণের সফলতার কথা তুলে ধরেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। অনুষ্ঠান শেষে আনোয়ারা থানা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক শোভাযাত্রা এবং পুকুর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।