যশোরের চৌগাছায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ভূট্টো (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর হেফাজত থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে উপজেলার পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়া এলাকায় শিপন ব্যাপারীর বাড়ির সামনে পাকা রাস্তার পশ্চিম পাশ থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মকলেচুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন মোঃ ভূট্টোর হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়।
আটক মোঃ ভূট্টো ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মান্দারবাড়ীয়া গ্রামের মৃত কালাম ফকিরের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি। আটক ব্যক্তিকে বুধবার (২১ অক্টোবর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।