জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন গণমাধ্যমকর্মী ও নিউজ ২১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান শেখ।

গত সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সুমন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম স্বাক্ষরিত এই কমিটিতে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

মোঃ নুরুজ্জামান শেখ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক সংগঠন ও মানবাধিকার কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সামাজিক ও মানবিক সংগঠন ‘আলোকিত গাজীপুর’-এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, টঙ্গী শাখার প্রচার সম্পাদক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

কর্মজীবনে মোঃ নুরুজ্জামান শেখ দৈনিক মতপ্রকাশ, দৈনিক দেশের পত্র, জেটিভি ও ইয়ুথ বাংলা টিভিসহ দেশের বেশ কয়েকটি স্বনামধন্য গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিউজ ২১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, গণমাধ্যমকর্মীদের মর্যাদা রক্ষা এবং সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে মোঃ নুরুজ্জামান শেখ বলেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত ঐক্য সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখবেন।

জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনটি আরও গতিশীল হবে।